দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় ১০৪টি তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদক উদ্ধার ও বিশেষ অভিযান চালাচ্ছিল। বুধবার ভোররাত পৌনে ৪টার দিকে সাহিতপুর বাজারে অবস্থানকালে পুলিশ গোপন সংবাদ পায়, গন্ডা বাজারে মোস্তফা নামের এক ব্যক্তির দোকানঘরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে ভোর সোয়া ৪টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, গন্ডা চর গ্রামের ইউপি সদস্য হাফিজুর রহমান ওরফে খোকন মেম্বার (৬০), একই গ্রামের খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫), একই গ্রামের ইউপি সদস্য আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।
পুলিশের জব্দ তালিকা অনুযায়ী, দোকানঘরের ভেতরে একটি টেবিলের ওপর থেকে ১০৪টি তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, সেখানে জুয়া খেলা হচ্ছে। তাৎক্ষণিক পুলিশ পাঠাই। জুয়ার আসর থেকে সরঞ্জামসহ তাঁদের আটক করা হয়। জুয়া আইনে মামলা নেওয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।
একই ইউনিয়নের দুই ইউপি সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম কল্যাণ বলেন, মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যাঁরাই এসব অপরাধের সঙ্গে জড়িত প্রমাণিত হবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এটাই আমরা চাই।
যে আই